
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৬৮ বছর ধরে কারাগারে বন্দি থেকে অবশেষে মুক্তি পেয়েছেন জো লিগন নামে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি কিশোর অপরাধী হিসেবে কারাগারে যান ১৫ বছর বয়সে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি পেনিসেলভেনিয়ার একটি আদালত থেকে জো লিগন মুক্তি পেয়েছেন। তাকে বিবেচনা করা হচ্ছে দেশটির সবচেয়ে বয়স্ক ও দীর্ঘদিন জেলে থাকা কিশোর অপরাধী।
১৯৫৩ সালে ফেব্রুয়ারিতে যখন গ্রেফতার হয়ে কারাগারে যান, তখন জো লিগনের বয়স ছিল ১৫ বছর। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। ফিলাডেলফিয়ায় ডাকাতি ও ছুরিকাঘাতের এক মামলায় ফেঁসেছিলেন তিনি। ওই ঘটনায় ছয়জন আহত ও দুইজন নিহত হন। ওই সময় লিগনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। তিনি ছুরিকাঘাতের কথা স্বীকারও করেন।