
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওপেন চ্যালেঞ্জ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী বিধানসভা নির্বাচনে নিজের ভাতিজা তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। তার চ্যালেঞ্জ ‘দিদির সাথে পরে লড়বি, আগে ভাতিজার সাথে লড়াই কর’। সেই সাথে অমিত পুত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের বিপুল সম্পত্তির মালিকানা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
সামনেই রাজ্যে বিধানসভার নির্বাচন। সে উপলক্ষে দুই দিনের বাংলা সফরে আসেন অমিত শাহ। আজ বৃহস্পতিবার রাজ্যটির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থেকে পঞ্চম পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করার পাশাপাশি সেখানে এক দলীয় সভাতেও উপস্থিত ছিলেন শাহ। সেই সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন ‘তৃণমূলের একটাই স্লোগান ভাতিজা বাড়াও। ভাতিজার কল্যাণ ছাড়া তৃণমূলের মনে আর কারও কোন কল্যাণ নেই। ভাতিজার ভাল ছাড়া মমতা আর কারও ভালোর কথা ভাবেন না।’