
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীর সফরের প্রথম দিনে সেখানকার সব রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন বিদেশি রাষ্ট্রদূতরা। শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র জুনাইদ মাট্টু বলেন, গত বছর অনুষ্ঠিত জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। মূলত ভারত সরকার জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সেখানে নিয়ে যান।
শ্রীনগরের মেয়র বলেন, পরিদর্শনকারী বিশিষ্ট ব্যক্তিদের ডিডিসি এবং শহুরে স্থানীয় সংস্থার ঐতিহাসিক নির্বাচন সম্পর্কে অবহিত করা হয়েছে। ডাল লেকের তীরে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (স্কিসিসি) অনুষ্ঠিত আলোচনায় তারা অংশগ্রহণ করেন। মাট্টু আরও বলেন, আলোচনার মূল বিষয় ছিল ক্ষমতা ও পরিকল্পনার বিকেন্দ্রীকরণ, তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের ক্ষমতায়ন।