
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এবার কৃষকরা বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করেছেন। কয়েক হাজার কৃষক বেশ কয়েকটি রাজ্যের রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল যোগাযোগ অচল হয়ে পড়ে। আন্দোলনরত কৃষকরা আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদি সরকার তাদের কথা না শোনা পর্যন্ত, রাজপথ ছাড়বেন না তারা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেখা যায়, রেললাইনের ওপর শত শত মানুষ। গুচ্ছ গুচ্ছ দলে ভাগ হয়ে, প্রতিবাদ জানাচ্ছেন। কী নারী, কী পুরুষ, সবার একটাই পরিচয় তারা কাদা-মাটির মাঠের সৈনিক। প্রত্যেকের একটাই দাবি, বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। এদিন বেশ কয়েক ঘণ্টা রেললাইনের ওপর অবস্থান নেন বিক্ষোভরত কৃষকরা। এতে বন্ধ হয়ে যায় রেলগাড়ি চলাচল। হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ রাজ্যে এ কর্মসূচি ব্যাপকভাবে পালিত হয়। ‘তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী কৃষক এই আন্দোলনে নেমেছেন। আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’ ‘সরকারের কোনো ভরসা নেই। আমরা প্রয়োজনে এখন জীবন দেব।’