
আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিস জলবায়ু চুক্তিতে আবারো যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিটি থেকে সরে আসার একশ সাতদিন পর গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তাতে ফিরে যায় যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তিটির গুরুত্ব না দিলেও জো বাইডেন প্রশাসন তাতে গুরুত্ব দেবেন বলে মনে করছেন বিশ্ব নেতারা। ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের এক সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। ওই চুক্তির অধীনে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই চুক্তিতে স্বাক্ষর করে দু'শ দেশ। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।