
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৩৫টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। তবে ওই সব দেশ থেকে আসা যাত্রীদের আবাসিক হোটেলে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। খবর গালফ নিউজের। স্থানীয় সময় শনিবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫টি দেশের নাগরিকেরা সরাসরি কুয়েত ভ্রমণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে কুয়েত পৌঁছে অবশ্যই নিজ খরচে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক সালেহ আল ফাদাঘি বলেন, ৩৫ দেশ থেকে আসা যাত্রীদের জন্য ৪৫টি হোটেল নির্দিষ্ট করে দেওয়া আছে। এসব হোটেলের মধ্য থেকে যেকোনো একটিতে কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলে থাকার জন্য ১৪ দিনের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।