
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে আরও সাড়ে তিন হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটোর সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা। শনিবার জোটের মহাসচিব জেন্স স্টলেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামিক স্টেট (আইএস) যাতে ফিরে না আসতে পারে, তা নিশ্চিত করতে আমরা ইরাকে ন্যাটোর প্রশিক্ষণ কর্মকাণ্ড বাড়াব।
প্রতিরক্ষা মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের দ্বিতীয় দিন ন্যাটো প্রধান জানান, ইরাকে তাদের মোতায়েনকৃত সেনাদের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে চার হাজার করা হবে। ইরাকে এখনো জঙ্গিগোষ্ঠী আইএস সক্রিয় উল্লেখ করে তিনি জানান, ক্রমবর্ধমান হামলার কারণে ন্যাটো মিশনের ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন।
ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা আফগানিস্তানে জোটের সামরিক উপস্থিতির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আমরা নিশ্চিত করতে চাই যে সেখানে দীর্ঘমেয়াদি এমন রাজনৈতিক চুক্তি হয়েছে, যা আমাদের চলে আসার পথ উন্মুক্ত করবে।