
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা দিতে যাচ্ছিল সর্বোচ্চ তিনমাসের জন্য তার সমাধান হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে দু’পক্ষের আলোচনা শেষে এ সংক্রান্ত সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে।
রবিবার শেষ বেলায় ইরান ও আইএইএ’র পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকরা আগামী তিন মাস ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ‘জরুরি’ পরিদর্শন কাজ চালিয়ে যেতে পারবেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ আগস্ট গ্রোসির আগেরবারের তেহরান সফরের সময় আইএইএ’র সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়ন কাজ চালিয়ে যাবে দু’পক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংসদে পাস হওয়া আইনের ভিত্তিতে ইরান ২৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে। এর অর্থ হচ্ছে, আইএইএ’র পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত ‘সেফগার্ড এগ্রিমেন্ট’ পুরোপুরি মেনে চলবে। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী তিনমাস আইএইএ’র পরিদর্শকরা পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী ইরানে তাদের পরিদর্শন কাজ চালাতে পারবেন। কোন কোন তারিখ তারা তেহরান সফরে আসবেন তার তালিকাও চূড়ান্ত হয়েছে।