
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে, নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ক্রিমিয়া উপত্যকায় বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় বলেছে, আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ক্রিমিয়া উপত্যকার ‘উপুক’ অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় এয়ারবোর্ন, প্যারাট্রুপার ও আর্টিলারি বাহিনী অংশ নেবে। এতে রাশিয়ার ছত্রীসেনারা অপরিচিত স্থানে অবতরণের কসরত করবেন। সেইসঙ্গে তারা কল্পিত শত্রুসেনাদের অস্ত্রসস্ত্র দখল করে নিজেদের আগের অবস্থানে ফিরে যাবেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, আসন্ন মহড়ায় তিন হাজারের বেশি ছত্রীসেনা ও সামরিক বাহিনীর প্রায় ২০০ ইউনিট অংশ নেবে।