
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ গিনি ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও অন্তত ১৪ জন। সোমবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) একথা জানায়। ৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ দুই দেশে ইবোলা ভাইরাসে মৃত্যু হার ৬৪ দশমিক ৩ শতাংশ।
আফ্রিকা সিডিসি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী ডিআরসিতে নতুন করে একজন ইবোলায় আক্রান্ত ও দু’জনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে কেউ সুস্থ হয়ে উঠেনি। তারা আরো জানায়, গিনির এন’জারাকোরে নতুন করে তিনজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ১১ হাজার ৩ শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২৮ হাজার ৬’শ জনের বেশি আক্রান্ত হয়েছে।