
আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ৭৬ জন নাগরিকের ওপর ভিসা বিষয়ক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক একজন কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর ওপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি সৌদি আরবের ওই ৭৬ জন নিষেধাজ্ঞার কবলে পড়লেন।
প্রসঙ্গত, অন্য দেশের সরকারের হয়ে ভিন্নমতাবলম্বী, অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের ওপর হুমকি কিংবা আক্রমণ চালানোর অভিযোগ থাকলে ‘খাশোগি নিষেধাজ্ঞা’ নামে নতুন এই মার্কিন নীতির আওতায় পড়বেন তারা। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানান, যাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার কবলে পড়বেন।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জামাল খাশোগিকে ২০১৮ সালে হত্যা করার অনুমতি দেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওই প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আরো বলা হয়েছে, খাশোগিকে হত্যার পরিকল্পনাটি অনুমোদন দেন সৌদি ক্রাউন প্রিন্স। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রিন্স সালমান।