
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-বাংলাদেশ একে অপরকে ঐতিহ্যবাহী হেলিকপ্টার ও যুদ্ধবিমান উপহার দিয়েছে। শুক্রবার দেশটির বিমান বাহিনী অফিসিয়াল টুইট পেজে এই তথ্য জানিয়েছে। ওই কপ্টার ও যুদ্ধবিমানটি দু’দেশের মিউজিয়ামে সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, চারদিনের ঢাকা সফরে এসেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া। সেই সফরে বাংলাদেশের একাধিক বিমানঘাঁটি পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করছেন তিনি। ভারতের বিমান বাহিনীর প্রধান ভাদুরিয়ার সফরকালেই বাংলাদেশের হাতে ঐতিহ্যবাহী আলাউত্তে হেলিকপ্টার (Alouette III) তুলে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এফ-৮৬ সাবরে এয়ারক্রাফট। উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আলাউত্তে হেলিকপ্টার (Alouette III) কপ্টার ব্যবহার করা হয়েছিল।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া বাংলাদেশকে আলাউত্তে হেলিকপ্টার উপহার দিয়েছেন। বাংলাদেশের বিমানবাহিনী প্রধানও এফ-৮৬ সাবরে এয়ারক্রাফট উপহার দিয়েছেন। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ এই এয়ারক্রাফটটি রক্ষণাবেক্ষণ করে আসছিল।