
আন্তর্জাতিক ডেস্কঃ ঘুষ ও দুর্নীতির অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। আজ সোমবার দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় দেশটির সাবেক এ প্রেসিডেন্টকে কারাদণ্ড দেওয়া হয়। এর ফলে ঘুষ ও দুর্নীতির অভিযোগে প্রথমবারের মতো সাজা পেলেন কোনো ফরাসি প্রেসিডেন্ট।
৬৬ বছর বয়সী সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সে সময় তিনি তার আইনজীবী ও একজন সিনিয়র ম্যাজিস্ট্রেটকে নিয়ে আইন ভঙ্গ করার একটি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। পরে এ বিষয়ে আদালতে মামলা করা হয়। কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেও দণ্ড ভোগ করতে পারবেন। সে ক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে তাকে। রায়ে বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তার এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে খুব বাজে ছবি উপস্থাপন করেছে।