News71.com
 International
 02 Mar 21, 01:24 PM
 316           
 0
 02 Mar 21, 01:24 PM

মিয়ানমারে জান্তা সরকারের মামলার বেড়াজালে ক্ষমতাচ্যুত নেত্রী সুচি।।

মিয়ানমারে জান্তা সরকারের মামলার বেড়াজালে ক্ষমতাচ্যুত নেত্রী সুচি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা  সু চির বিরুদ্ধে মামলার বেড়াজাল আরো খানিকটা বাড়িয়েছে জান্তা সরকার। গতকাল সোমবার অন্তত দুটি নতুন ফৌজদারি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে ‘রক্তাক্ত রবিবারের’ পরও গতকাল দেশটির বিভিন্ন শহরে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

 

গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর সু চিসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। উইন মিন্ট ও সু চিকে কোথায় রাখা হয়েছে, তা এখনো জানা যায়নি। গ্রেপ্তারের পর জনসমক্ষেও দেখা যায়নি তাঁদের। এমনকি সু চির সঙ্গে দেখা করার অনুমতিও পাননি তাঁর আইনজীবীরা।

 

এ অবস্থায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে তোলা হয় সু চিকে। শুনানির সময় নিজের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চান তিনি। এই আবেদন মঞ্জুর হলে তাঁকে দেখার সুযোগ পান আইনজীবীরা। সু চির আইনজীবী কিন মাউং জো জানান, ভিডিও কনফারেন্সে সু চিকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মনে হয়েছে।

 

অবৈধভাবে ওয়াকিটকি কেনা ও জাতীয় দুর্যোগ বিষয়ক আইন অমান্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় সু চিকে। কিন্তু গতকাল আরো দুটি ফৌজদারি অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। এর মধ্যে করোনাসংক্রান্ত বিধি-নিষেধ লঙ্ঘন এবং জনমনে ভয়ভীতি ছড়ানোর অভিযোগ রয়েছে। আগের দুটি অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে সু চির। কিন্তু গতকালের দুটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি কী, তা নিশ্চিত হওয়া যায়নি। এসব মামলার কার্যক্রম আগামী ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কিন মাউং জো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন