
আন্তর্জাতিক ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর কারাগারে বন্দি থাকা অবস্থায় বাংলাদেশি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দ্রুত এ ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট। একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। সোমবার (১ মার্চ) এক বিবৃতিতে বাশেলেট বলেন, ‘আইনটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জরুরি।’ আইনটির অধীনে আটকদের দ্রুত মুক্তির দাবিও করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই দূত।
এদিকে ২৫ ফেব্রুয়ারি মুশতাক আহমেদ নয় মাস কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যাওয়ার পর আইনটি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। একইসাথে আইনটির কিছু ধারা বিতর্কিত উল্লেখ করে দেশব্যাপী শুরু হয় বিক্ষোভ। এমন প্রেক্ষাপটে সরকার এখন আইনটির অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেফতার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না- এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।