
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের তদন্তকারীরা বলছেন সিরিয়ায় গত ১০ বছরের গৃহযুদ্ধের সময় আটক হওয়া লাখ লাখ বেসামরিক নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। আরো কয়েক হাজার ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন কিংবা নিরাপত্তা হেফাজতে থাকার সময় মারা গেছেন। দেশটির গৃহযুদ্ধকালীন যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ বিষয়ে নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভিকটিম ও ঘটনাগুলোর অনেক প্রত্যক্ষদর্শী পরিস্থিতিকে বর্ণনা করেছেন 'কল্পনাতীত দুর্ভোগ' হিসেবে, যার মধ্যে ছিলো মাত্র ১১ বছর বয়সী ছেলে ও মেয়েদের ধর্ষণের ঘটনাও। ওই রিপোর্টে বলা হয়েছে, বিষয়টি এখন "ন্যাশনাল ট্রমা"য় পরিণত হয়েছে যার দিকে অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার। ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী এক বিক্ষোভের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থার নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে যে সংঘাতের সূচনা হয় সেটিই পরে গৃহযুদ্ধে রূপ নেয়, যা এখনো চলছে।