
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের ১১ মার্চ নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। এর আগে গত ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি মাঠের জনসভায় মমতা জানান, এবার সেখান থেকেই ভোটে লড়বেন।
ভারতের পশ্চিমবঙ্গে আট দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দ্বিতীয় দফায় ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট হবে। তৃণমূল সূত্রে জানা গেছে, প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থী তালিকা বুধবার প্রকাশ করা হবে। সেই তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবেন মমতা ব্যানার্জি। আগামী ১১ মার্চ তৃণমূলনেত্রী তমলুকের মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
গত বিধানসভা নির্বাচনে ওই নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসেবে জিতে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছু দিন আগে তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে গেছেন। মমতা যেদিন তেখালি মাঠের জনসভা থেকে নন্দীগ্রামকে ‘মেজো বোন’ আখ্যা দিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন, তার পরেই শুভেন্দু হুমকি দিয়ে বলেছেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে ৫০ হাজার ভোটে হারাব’।