
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টার ৩৩ বছর আগের এক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে ১৯৮৮ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ অভিযোগ প্রকাশ্যে আসার পর অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের পদত্যাগের দাবি ওঠে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন ক্রিশ্চিয়ান পোর্টার। তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি পদত্যাগ করবেন না। খবর বিবিসির।
গত সপ্তাহে অস্টেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো এক চিঠিতে জানানো হয়- পোর্টার ১৯৮৮ সালে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী মরিসন। আজ স্থানীয় সময় বুধবার এক বৈঠকে পোর্টার বলেন, আমাকে ঘিরে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, এমন কোনো ঘটনা কখনো ঘটেনি। আমার প্রধানমন্ত্রী আমাকে পূর্ণ সমর্থন করেছেন। আমি আমার পদ থেকে সরে যাচ্ছি না। তবে দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছি। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা হওয়ায় ক্রিশ্চিয়ান পোর্টার অস্ট্রেলিয়ার একজন প্রভাবশালী ব্যক্তি।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, যে ঘটনা একদমই ঘটেনি, সে ঘটনার ক্ষেত্রে শুধু অভিযোগের জেরে যদি আমি পদত্যাগ করি, তাহলে অস্ট্রেলিয়ার যে কেউ-ই তার চাকরি হারাতে পারেন, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে, প্রামাণ থাকুক বা না থাকুক। তিনি আরো বলেন, সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে তা বাস্তবে ঘটেনি। ওই নারীর সঙ্গে তিনি কখনো একা ছিলেন না বলেও দাবি করেন তিনি। ক্রিশ্চিয়ান পোর্টারের দাবি, ৩৩ বছর আগে কৈশোরে বিতর্ক প্রতিযোগিতায় খুব অল্প সময়ের জন্য ওই কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। ১৯৮৮ সালের জানুয়ারি থেকে ওই নারীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।