News71.com
 International
 05 Mar 21, 09:21 PM
 305           
 0
 05 Mar 21, 09:21 PM

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ।। টিকার চালান আটকে দিল ইইউ-ইতালি

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ।। টিকার চালান আটকে দিল ইইউ-ইতালি

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার করোনার ভ্যাকসিন নিয়ে অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অস্ট্রেলিয়াগামী টিকার চালান আটকে দিয়েছে ইইউ ও ইতালি সরকার। ভ্যাকসিন সঙ্কটের জন্য উৎপাদনজনিত সমস্যার দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। অন্যদিকে, চালান আটকে দিলেও টিকাদান কর্মসূচিতে প্রভাব ফেলবেনা বলে দাবি করেছে অস্ট্রেলিয়া। করোনার টিকা অনুমোদনের আগেই কোটি কোটি ডোজের আগাম অর্ডার দিয়ে রেখেছিলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ ধনী দেশগুলো। অনুমোদনের পর টিকা কেনার হিড়িক পড়ে যায়। এমনকি ধনী দেশগুলোর বিরুদ্ধে প্রয়োজনের বেশি ভ্যাকসিন মজুদের অভিযোগ ওঠে। ভ্যাকসিন মজুদের পরও টিকাদান কর্মসূচিতে ধীরগতির অভিযোগ ওঠে ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে।

 

এ অবস্থায় চুক্তি অনুযায়ী প্রয়োজন না মিটিয়ে বাইরের দেশে টিকা রপ্তানির অভিযোগ এনে অস্ট্রেলিয়াগামী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান আটকে দিয়েছে ইতালি সরকার। জোটের নতুন নীতি অনুযায়ী ভ্যাকসিন উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান যদি প্রয়োজনীয় টিকা সরবরাহে ব্যর্থ হয় সেক্ষেত্রে টিকার রপ্তানি বন্ধ করতে পারবে সদস্য দেশ। ইইউয়ের নতুন এই নীতি প্রয়োগ করেই অস্ট্রেলিয়াগামী আড়াই লাখ ডোজ টিকার চালান বন্ধ করেছে ইতালি সরকার যাতে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হলেও এ ভ্যাকসিন স্বল্পতার জন্য উৎপাদনজনিত সমস্যার দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। এদিকে একটি চালান বন্ধ হওয়ায় অস্ট্রেলিয়ার টিকাদান কর্মসূচিতে খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন