
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনের শতদিন পূর্তিতে আবারও শক্তির জানান দিলেন কৃষকরা। শনিবার (০৬ মার্চ) দিল্লি সীমান্তসহ কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তীব্র আন্দোলনের মুখেও আইন বাতিল না করায় মোদি সরকারের সমালোচনা করেন তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।
শনিবার দিল্লি-হরিয়ানা সীমান্তে পদযাত্রা শুরু করেন শত শত আন্দোলনকারী। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলনের একশো দিন পূর্তিতে এ পদযাত্রা। এক পর্যায়ে দিল্লি সীমান্তের কাছে রাস্তা অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। আন্দোলনে নারীরাও অংশ নেন। ৫ ঘণ্টারও বেশি রাস্তা অবরোধ করে রাখেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি সীমান্তে চেক পোস্ট বসানোর পাশাপাশি মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উত্তর প্রদেশের গাজিপুরেও এদিন বিক্ষোভ করেন শত শত মানুষ। দীর্ঘ আন্দোলনের পরও দাবি না মানায় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন তারা।