
আন্তর্জাতিক ডেস্কঃ ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ‘বিস্ফোরক’ সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর ভাবমূর্তি নিয়ে সংকটে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। সাক্ষাৎকারটি সম্প্রচারের পর করণীয় নির্ধারণে জরুরি বৈঠক করেছেন সেখানকার জ্যেষ্ঠ সদস্যরা। অবশ্য এ ব্যাপারে তড়িঘড়ি করে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন মনে করছে না বাকিংহাম প্যালেস। অনুষ্ঠানের উপস্থাপক অপরাহ উইনফ্রে জানিয়েছেন, হ্যারি-মেগান ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে তাঁদের সন্তানকে নিয়ে যে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছেন, তা রানি দ্বিতীয় এলিজাবেথের নয়। অন্যদিকে মেগানের বাবা থমাস মার্কেল বলেছেন, তিনি মনে করেন না ব্রিটিশ রাজপরিবার বর্ণবাদী।
সম্প্রতি মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দেন হ্যারি ও মেগান। গত রবিবার টিভি চ্যানেল সিবিএসে তিন ঘণ্টার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। এতে ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদ, নিজেদের মানসিক অবস্থা, সংবাদমাধ্যমের চাপ ও রাজপরিবারের অন্য সদস্যদের নিয়ে কথা বলেন হ্যারি-মেগান। গত সোমবার রাতে সাক্ষাৎকারটি প্রচার হয় যুক্তরাজ্যের গণমাধ্যম ‘আইটিভি’তে। দেশটির এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ অনুষ্ঠানটি দেখে।