
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঞ্চলের মাধ্যমিক স্কুলের ১৬ বছর বয়সী এক ছাত্র বাড়িতে বোমা তৈরি করে। এরপর সেটি স্কুলে নিয়ে যায় সে। আর সেই বোমাটি হঠাৎ শ্রেণিকক্ষের মধ্যেই বিস্ফোরিত হয়। এতে ওই ছাত্রসহ তার আরো ৪ সহপাঠী আহত হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে নিওয়েগো হাইস্কুলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মিশিগানের পুলিশ সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের ওই মাধ্যমিক বিদ্যালয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানায়, বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল ১৬ বছর বয়সী ওই ছাত্র। কিন্তু দুর্ঘটনাবশত সেটি ফেটে যায়।
মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র মিশেল রবিনসন বলেন, ওই শিক্ষার্থীর কোনো ‘অসৎ’ ইচ্ছা ছিল না। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা সে ঘটায়নি। তবে কোনো ধরনের উপাদান ব্যবহার করে বোমাটি বানানো হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।