
আন্তর্জাতিক ডেস্কঃ স্টারওয়ার্স আর কল্পকাহিনি নয়। ভবিষ্যত যুদ্ধের জন্য মহাকাশেও নিজেদের শক্তি বাড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। তবে ফ্রান্স যে মহড়া শুরু করেছে, তা ইউরোপে প্রথম। গোটা সপ্তাহজুড়ে মহাকাশে নিজেদের উপগ্রহ সুরক্ষিত রাখার মহড়া চালাচ্ছে ফ্রান্স। এর জন্য সামরিক বাহিনীর একটি উইং তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে স্পেস কমান্ড। নতুন সেই স্পেস কমান্ডের প্রধান মিশেল ফ্রিডলিং জানিয়েছেন, মহাকাশে নিজের পরিকাঠামোর 'স্ট্রেস টেস্ট' শুরু হয়েছে।
পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশেরই মহাকাশে নিজেদের উপগ্রহ আছে। উপগ্রহের সাহায্যে নানা পরিষেবা দেওয়া হয়। আবার এই উপগ্রহ সামরিক কাজেও ব্যবহার করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে অন্য দেশের ছবি সংগ্রহ করে গুপ্তচরবৃত্তি নতুন কিছু নয়। উপগ্রহের তথ্য সামরিক সমঝোতার ভাষায় ঢুকে পড়েছে।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ভবিষ্যতে বড় যুদ্ধ হলে সেই যুদ্ধ মহাকাশে হবে। এক দেশ অন্য দেশের স্যাটেলাইট আক্রমণ করবে। ফ্রান্স যে মহড়া শুরু করেছে, তা সে কথা মাথায় রেখেই। মহাকাশে ফ্রান্সের যেসব উপগ্রহ আছে, অঘটন ঘটলে তা কিভাবে রক্ষা করা হবে, তারই মহড়া শুরু হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'অ্যাস্টারএক্স'। ১৯৬৫ সালে এই নামেরই প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ফ্রান্স।