
আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা এস এস কে এম হাসপাতলের কেবিন থেকে রাজ্যের মানুষকে ভিডিওবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আরো দু-তিন দিনের মধ্যে তিনি কাজে ফিরবেন। যদিও গলার আওয়াজে জোর ছিল না; কিন্তু মনের জোর যে একটুও কমেনি তা বোঝা যায়। কারণ মমতা জানালেন, দরকার হলে তিনি হুইলচেয়ার নিয়েই নির্বাচনের প্রচারে ঝাঁপাবেন।
এর আগে বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত হন মমতা। সেখান থেকে তাঁকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তাঁর পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তাঁর হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে। মমতার চিকিৎসার জন্য নয় সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
মমতার চোট লাগার পর দলের
কর্মী-সমর্থকরা চিন্তিত ছিলেন যে কিভাবে আসন্ন ভোটের প্রচার কাজ সামলানো হবে। বৃহস্পতিবার সেসব ভাবনারই জবাব দিলেন মমতা এবং চাঙ্গা করলেন দলের সদস্য সমর্থকদের। জানিয়ে দিলেন, দরকার হলে তিনি হুইলচেয়ার নিয়েই প্রচারে ঝাঁপাবেন।
তিনি আরো বলেন, আশা করি আমি আবার দু-তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু ম্যানেজ করে নেব। আমার মিটিং, কিছুই আমি নষ্ট করব না।