
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের তোলা বর্ণবাদের সুস্পষ্ট অভিযোগ মানতে নারাজ তার বড় ভাই প্রিন্স উইলিয়াম। এ অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের পরিবার মোটেও বর্ণবাদী নয়। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্ট্যার্টফোর্ডে একটি স্কুল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসির। এ সময় উইলিয়ামের কাছে এক সাংবাদিক সরাসরি জানতে চান, ‘রাজপরিবার কি বর্ণবাদী, স্যার?’ এমন প্রশ্নের জবাবে ডিউক অব ক্যামব্রিজ উইলিয়ামের স্পষ্ট জবাব, ‘আমাদের পরিবার মোটেও বর্ণবাদী নয়।’ চলমান বিতর্কের মধ্যে প্রিন্স উইলিয়াম রাজপরিবারের প্রথম ব্যক্তি, যিনি গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করলেন।
এদিকে সাক্ষাৎকার প্রচারের পর হ্যারি–মেগানের সঙ্গে কথা হয়েছে কি না, সেই বিষয়ে প্রিন্স ইউলিয়ামের কাছে জানতে চান একজন সাংবাদিক। এ সময় উইলিয়াম বলেন, ‘না, আমার তার (হ্যারি) সঙ্গে কথা হয়নি। তবে আমি কথা বলব। এদিকে প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঘটনাগুলো একেকজনের কাছে একেক রকম মনে হতে পারে। তবে মেগান সব সময়ই পরিবারের সদস্য হিসেবে ভালোবাসার মানুষ। ৭ মার্চ যুক্তরাষ্ট্রের সিবিএস টিভিতে প্রচারিত হয় ‘অপরাহ্ উইথ মেগান অ্যান্ড হ্যারি: এ সিবিএস প্রাইমটাইম স্পেশাল’ শিরোনামের বিশেষ সাক্ষাৎকার। সেখানে হ্যারি–মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ তোলেন।