
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের বিভিন্ন খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদের ফোনালাপের পর এই ঘোষণা দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাত ১০ বিলিয়ন ডলারের তহবিলের সাহায্যে ইসরাইলের জ্বালানি, শিল্প উৎপাদন, পানি, মহাকাশ, স্বাস্থ্যসেবা, কৃষি-প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে। এর আগে বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের কথা জানানো হলেও পরে জর্দানের নিজ আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় সফর বাতিল করা হয়। গত বছরের সেপ্টেম্বরে ইবরাহিমি চুক্তির আওতায় এই বিনিয়োগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উদ্যোগ।