
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে খারাপ হচ্ছে ভারতের মহারাষ্ট্রের অবস্থা। সোমবার থেকে নাগপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপর পুণেতে করোনার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে পুরোপুরি লকডাউন জারি করা হবে।
পুণেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। ৩১ মার্চ পর্যন্ত এই শহরে বন্ধ থাকবে স্কুল-কলেজ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও পানশালা। শপিং মল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। সন্ধ্যাবেলায় বন্ধ থাকবে সব উদ্যান ও পার্ক।
এরই মধ্যে আকোলা শহরে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানেও লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নাগপুর শহরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে প্রশাসন।