
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জলপাইগুড়িতে প্রেমিকাকে ফিরে পেতে তার বাড়ির সামনে অনশনে বসেছিলেন প্রেমিক। তবে পুলিশের লাঠিপেটায় তার অনশন কর্মসূচি ভেঙে যায়। গতকাল শনিবার এই ঘটনা ঘটেছে। জানা গেছে ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। তবে বিয়ের কথা বললে বেঁকে বসেন প্রেমিকা।
জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন এলাকায় প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছিলেন পবিত্র রায় নামে ওই যুবক। তিনি প্রেমিকার বাড়ির সামনের গাছগুলোতে ঝুলিয়ে দিয়েছিলেন তাদের একাধিক ছবি, হাতে ছিল প্ল্যাকার্ডও। তাতে লেখা ছিল, '৫ বছরের ভালোবাসা ফিরিয়ে দাও'।
এ বিষয়ে প্রেমিক পবিত্র বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক। আমার বাড়ির সকলেই এই সম্পর্কের কথা জানেন। ও আমাদের বাড়িতে প্রায়ই আসত। কিন্তু এখন সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। আমাকে বিয়ে করলে তার মা-বাবা নাকি আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন।
এদিকে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশনে বসার কথা শুনে সেখানে ভিড় করে আশপাশের এলাকার মানুষ। খবর যায় পুলিশেও। আর এরপরই ধূপগুড়ি থানার পুলিশ এসে লাঠিপেটা শুরু করে পবিত্রকে। আর সেই পিটুনি খেয়ে অনশন কর্মসূচি বাতিল করতে হয়েছে তাকে। পিটিয়ে সেখান থেকে তাকে সরিয়ে দেয় পুলিশ।