
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে বেড়েই চলেছে লাশের মিছিল। জান্তা সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একদিনেই নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও অনেকে।জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে রক্তাক্ত দিন দেখল মিয়ানমারের মানুষ। এতে এখন পর্যন্ত বিক্ষোভে মৃতের সংখ্যা শতাধিক। দু’পক্ষের সংঘর্ষে রোববার (১৪ মার্চ) রণক্ষেত্রে পরিণত হয় গোটা ইয়াঙ্গুন। হতাহতের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। এদিকে মিয়ানমারের সেনা সরকারকে যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছে দেশটির স্বঘোষিত বেসামরিক সরকার।
আবারও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলি, আবারও রক্তাক্ত মিয়ানমার। ভয়াবহ সহিংসতায় বিপর্যস্ত মিয়ানমারবাসী। নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল রোববার সকাল থেকেই ইয়াঙ্গুনের রাস্তায় জান্তা সরকারবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় দাঙ্গা পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় বেশ কয়েকজনকে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা ইয়াঙ্গুন। চলে ধরপাকড়। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের নিকটবর্তী এলাকাগুলোতেও।
এদিন পুলিশির বাধার মুখে সহিংস বিক্ষোভ হয় কাচিন প্রদেশের কয়েকটি শহরেও। সেখানেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করলে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।