
আন্তর্জাতিক ডেস্কঃ ঝুঁকি কমাতে বিভিন্ন মাধ্যমে গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। রবিবার প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানান। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে গোপনে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ক্রমবর্ধমান ঝুঁকি কমাতেই এই চেষ্টা। কিন্তু আজ অবধি পিয়ংইয়াংয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ওয়াশিংটনের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কোনো সংলাপ হয়নি, যোগ করেন তিনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত আর কিছু না জানালেও মার্কিন এই কর্মকর্তা জানান, বর্তমানে নতুন করে উত্তর কোরিয়ার নীতি পর্যালোচনা করছে বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশীদের বিরুদ্ধে পিয়ংইয়াংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বিকল্প উপায়ও মূল্যায়ন করা হচ্ছে।