
আন্তর্জাতিক ডেস্কঃ এপ্রিলের শেষে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার তার দপ্তরের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরে প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম ভারত সফর এবং অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরও। গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সময়ই ভারতে আসার কথা ছিল তার। কিন্তু ব্রিটেনে বাড়তে থাকা করোনা প্রকোপের কারণে সেই সফর বাতিল হয়ে যায়। তখনই অবশ্য বরিস জনসন জানিয়েছিলেন, খুব শিগগিরি তিনি ভারতে আসবেন।
অবশেষে জানা গেল, এপ্রিলেই ভারতে আসছেন তিনি। গত বছরের শেষ দিক থেকে ব্রিটেনে দাপট দেখাতে শুরু করেছিল করোনার নয়া স্ট্রেন। পরিস্থিতি এমন দাঁড়ায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। সেই পরিস্থিতিতে ভারতে আসার পরিকল্পনা বাতিল করতে হয় বরিসকে। দেশের এমন অবস্থায় তার পক্ষে ব্রিটেন ছেড়ে বের হওয়া ঠিক হবে না বলে জানিয়ে দেন তিনি। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য আলোচনার সম্ভাবনাও স্থগিত রাখতে হয়।