
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক সাংবাদিককে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে তাকে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী নেপিদোতে আদালতের সামনে রিপোর্ট করছিলেন অং থুরা নামের ওই সাংবাদিক। তখন কয়েকজন সাদা পোশাকধারী লোক তাকে একটি ভ্যানে করে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় বিবিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং কর্তৃপক্ষের কাছে তাকে শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। তাকে খুঁজে বের করতে বিবিসি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। বিবিসির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, বিবিসি নিউজের বার্মিজ প্রতিবেদক অং থুরাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এদিন বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অং কে ধরে নিয়ে যাওয়া হয়। এ মাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।