
আন্তর্জাতিক ডেস্কঃ উইঘুর নিয়ে চীনা প্রশাসনের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সংখ্যালঘু মুসলিম উইঘুর শিশুদের চীন সরকার বাবা-মা থেকে আলাদা করে জোরপূর্বক এতিমখানায় নিয়ে যাচ্ছে। তবে বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। খবর বিবিসির। অ্যামনেস্টি চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে বন্দিশালায় নির্যাতনের অভিযোগের মধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বাবা-মায়ের অনুমতি ছাড়াই তাদের সন্তানদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন সরকার।একাধিক মানবাধিকার সংস্থার অভিযোগ চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে বন্দি রাখা হয়েছে। তাদের ওপর প্রতিনিয়ত নির্মম নির্যাতন চালানোরও অভিযোগ করা হয়। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে।