
আন্তর্জাতিক ডেস্কঃ সন্তানের সামনে পাকিস্তানি বংশোদ্ভূত এক ফরাসি নারীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত। মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আবিদ মেহলি ও শাফকাত আলি বাগগা। গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করে শনিবার লাহোরের বিশেষ আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়। আসামিদের আইনজীবী বলেছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।২০২০ সালের ৯ সেপ্টেম্বর ওই নারী লাহোর থেকে গভীর রাতে বেরিয়েছিলেন। তার সঙ্গে দুই সন্তান ছিল। হঠাৎ তার গাড়ির তেল ফুরিয়ে যায়। এতে তিনি গুজরানওয়ালায় আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলেন। তারা তাকে মোটরওয়ে ইমার্জেন্সি নম্বরে ফোন করার উপদেশ দেন। তখন ২০ থেকে ৩০ বছরের মধ্যবর্তী বয়সী দু’জন যুবক গাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। নগদ অর্থ ও স্বর্ণালংকার কেড়ে নেয়। এরপর পাশেই এক ক্ষেতের ভেতর নিয়ে তার দুই সন্তানের সামনে তাকে ধর্ষণ করেন এবং পালিয়ে যান। এ ঘটনা প্রকাশ পেলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জনগণের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করা হয়।