
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে আটক বিবিসির প্রতিবেদক অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (২২ মার্চ) তিনি মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি অনলাইন। এর আগে ১৯ মার্চ রাজধানী নেইপিদোর আদালত ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।
অং থুরাকে তুলে নিয়ে যাবার সময় সাদা পোশাকধারীরা স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম মিজিমার এর এক সাংবাদিক থান টিকে অংকেও ধরে নিয়ে যায়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে সামরিক কর্তৃপক্ষ। বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি নেমপ্লেট বিহীন গাড়িতে। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।