
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও দুবাইয়ের উপ-শাসক শেখ হামদান বিন রশিদ বিন মাকতুম মারা গেছেন। বুধবার (২৪ মার্চ) ৭৫ বছর বয়সে তিনি মারা যান।এদিন মাগরিবের নামাজের পর শেখ হামদানের মূল জানাজার নামাজ শুধু পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়। শেখ হামদানের মৃত্যুতে আগামী ১০ দিনের শোক ঘোষণা করেছে আমিরাত সরকার। তা ছাড়া আগামী তিন দিন সরকারি কার্যক্রম স্থগিত করা হয়।
শেখ হামদান ছিলেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই। ১৯৭১ সালে আমিরাতের প্রথম মন্ত্রিসভা গঠনের পর থেকে শেখ হামদান অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৬ সালে শেখ হামদানই প্রথম ব্যক্তিত্ব যিনি ব্রিটিশ রয়াল কলেজ থেকে তিনটি বিরল সম্মাননা সনদ লাভ করেন। শেখ হামদান সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও শ্রমবাজারের সহায়তায় একাধিক উচ্চপর্যায়ের সরকারি পদে দায়িত্ব পালন করেন।