
আন্তর্জাতিক ডেস্কঃ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও নজরদারি সফটওয়্যারের মাধ্যমে চীনা হ্যাকাররা বিদেশে উইঘুর নেতাদের ওপর চৌর্যবৃত্তি করছিল। এমনই অভিযোগ ফেসবুকের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
ফেসবুক জানিয়েছে, বিদেশে বসবাসকারী উইঘুর নেতা ও কর্মী, সাংবাদিক এবং বিক্ষুব্ধদের, কম্পিউটার এবং স্মার্ট ফোন হ্যাক করার চেষ্টা করত চীনা হ্যাকাররা। তারা বিষয়টি ধরে ফেলে এবং হ্যাকিং অপারেশনে বাধা দেয়। ওই হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। প্রায় এক শ'টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
এসব উইঘুর নেতা ও কর্মী অস্ট্রেলিয়া, কানাডা, কাজাখস্তান, সিরিয়া, তুরস্ক ও আমেরিকায় থাকেন। শিনজিয়াং থেকে হ্যাকাররা ৫০০ উইঘুর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল। চীন ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে শিবিরে আটকে রেখেছে বলে অভিযোগ। জাতিসংঘের মতে, উইঘুরদের ওপর অত্যাচার চালায় চীন। তারা এই অত্যাচার বন্ধের দাবি জানিয়েছে।