
আন্তর্জাতিক ডেস্কঃ শত্রুর মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। তাদের পরীক্ষা চালানো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও নতুন ধরনের বলেও উল্লেখ করেছে পিয়ংইয়ং। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ ওই অঞ্চলের দেশগুলোর তীব্র মাথা ব্যথা সৃষ্টি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আপাতত দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেই মন দেবেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গেলো সপ্তাহে প্রথমবারের মতো দুটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চলায় কিম জং উন প্রশাসন। ক্ষেপণাস্ত্র দুটিকে অত্যাধুনিক ও নতুন ধরনের বলে জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া তাদের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেছে।
শুক্রবার (২৬ মার্চ) এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, শত্রুর মোকাবিলা করতে সদা প্রস্তুত তাদের সেনারা। 'নতুন ধরনের কৌশলগত গাইডেড প্রজেকটাইল' মিসাইল দুটি ৬০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিবেশী দেশ জাপানের ধারণারও বাইরে এর কার্যক্ষমতা। এগুলো আড়াই টনের মতো পারমানবিক অস্ত্র বহন করতে পারে। উত্তর কোরিয়ার এ পরীক্ষায়- নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আশপাশের দেশগুলো।