
আন্তর্জাতিক ডেস্কঃ রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। রাজ্যে ৮ দফার নির্বাচনের প্রথম দফার ভোটে আগামীকাল ভাগ্য পরীক্ষা হবে ৩০টি আসনে। বাকি ২৬৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আরও সাত দফায়। নির্বাচন চলবে ২৯ শে এপ্রিল পর্যন্ত এবং ফলাফল ঘোষণা হবে ২ মে। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে অভূতপূর্ব নিরাপত্তার' আয়োজনে রাজ্যের রাজনৈতিক মহল সরগরম।
অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন কার্যত আধাসামরিক বাহিনী দিয়ে জায়গা গুলি মুড়ে ফেলেছে। শুধু এই ৩০টি কেন্দ্রের বুথেই থাকছে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারের নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন যা ব্যবস্থা করেছে, তাতে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ভূমিকা খুবই সীমিত। পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াতে নিরাপত্তার বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে আধাসামরিক বাহিনীর অধীনে। ভারতে আধাসামরিক বাহিনী কেন্দ্র সরকারের অধীনে আর রাজ্য পুলিশ রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়।