
আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। আর এই করোনার সঙ্গে লড়াই করার একমাত্র প্রাথমিক অস্ত্র হলো মাস্ক। তবে এই মাস্ক নিয়েও মানুষের সমস্যার শেষ নেই। কেউ বলছেন কানে ব্যথা, কারো আবার দাবি ছিল দাগ হয়ে যাচ্ছে নাকে। এ ছাড়া খাবার খেতে গেলে মাস্ক সরিয়ে তার পরে খেতে হচ্ছে বলে অভিযোগ করেছে বেশির ভাগ মানুষ। এবার মেক্সিকোর গবেষকরা এমন একটি মাস্ক তৈরি করেছেন, যাতে খাওয়াদাওয়ায় কোনো সমস্যা হবে না। পাশাপাশি এটা করোনার হাত থেকেও কিছুটা রক্ষা করবে। এই মাস্কের নাম দেওয়া হয়েছে ‘নোজ অনলি মাস্ক’।
মেক্সিকোর গবেষকরা অনেক গবেষণার পর এই মাস্ক তৈরি করেছেন। এই মাস্ক নাক পুরোপুরি ঢেকে রাখে। যদিও এই মাস্কে করোনা থেকে কতটা রক্ষা পাওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই মাস্ক ব্যবহার করলে মুখ খোলা থাকবে। তবে চাইলে এই মাস্ক পরে, এর ওপরে আরেকটি সাধারণ মাস্ক পরা যেতে পারে। এটি বেশ কার্যকর হবে বলে জানিয়েছেন গবেষকরা।