
আন্তর্জাতিক ডেস্কঃ রোববার মধ্যরাতে আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ। পরিভাষায় যাকে বলে ‘সুপারমুন’। এটাই এ বছরের প্রথম ‘সুপারমুন’। নাসার একটি বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাত ১২ টার দিকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। তার ফলে তা আমাদের চোখে হয়ে যাবে ‘সুপারমুন’। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।
নাসা জানিয়েছে, শনিবার (২৭ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে মার্চ থেকে জুনের মধ্যে চারটি ‘সুপারমুন’ হবে। কেউ কেউ বলছেন তিনটি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে এ দু’মাসের মধ্যে। আবার কেউ বলছেন, আক্ষরিক অর্থেই যাকে ‘সুপারমুন’ বলা হয় এপ্রিল ও মে মাসে তা হবে দুটি।