
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের ৯ জন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় চীনের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলমানরা যে নিপীড়নের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা থাকাটা অপরিহার্য। দ্য জেনেভা ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কথা বলে এ দেশের সাংসদ এবং ব্রিটিশ নাগরিকরা চীনা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। নিপীড়নের বিরুদ্ধে কথা বলাটা দরকার এবং আমি দৃঢ়ভাবে তাদের (নিষেধাজ্ঞার কবলে পড়া ব্রিটিশদের) পাশে আছি।
জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চীনের ওপর লন্ডন নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়া হিসেবে ব্রিটেনের ৯ জন নাগরিক এবং চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। সেই ঘটনার পর নিজের অবস্থান পরিষ্কার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।