
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় বিশ্বের উন্নত দেশগুলো বিপুল পরিমাণ করোনা টিকার ডোজ মজুত করার ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২৮ মার্চ) কানাডার সিবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি মজুত থাকা অতিরিক্ত টিকার ডোজ দরিদ্র দেশগুলোকে বিতরণের আহ্বানও জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা টিকার বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। একদিকে দেখা যাচ্ছে, অনেক দেশের হাতে টিকার একটি ডোজও নেই, আবার কিছু দেশের হাতে রয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ।’ তিনি আরও বলেন, ‘করোনা টিকা কোনো বিলাসজাত পণ্য নয়। বর্তমান পরিস্থিতিতে এটি বৈশ্বিকভাবে প্রয়োজনীয় পণ্য। বিশ্বের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা না গেলে এই মহমারিকে আমরা বিদায় জানাতে পারব না। তাই যত দ্রুত সম্ভব, টিকা বিতরণে ন্যায্যতা আনা প্রয়োজন।’