
আন্তর্জাতিক ডেস্কঃ গত বছর যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ৯ মিনিট বসে ছিলেন। গত বছর একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি।
তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। বিচার শুরু হওয়ার আগে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা এক প্রার্থনায় অংশ নেন। মৃত জর্জ ফ্লয়েডের ভাই টেরেন্স ফ্লয়েড বলেন, আমরা ঈশ্বরপ্রেমী মানুষ, আমরা গির্জায় যাওয়া মানুষ। কাজেই আমরা শেষ পর্যন্ত এই কথাটাই বলতে চাই, আমরা কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চাই। এই বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যে ১৪ জন জুরি বিচারে অংশ নিচ্ছেন। তাদের পরিচয় গোপন রাখা হবে।