News71.com
 International
 31 Mar 21, 11:19 AM
 337           
 0
 31 Mar 21, 11:19 AM

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান॥

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি পাওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখার ব্যাপারে উদ্যোগী হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তিনি মোদির চিঠির উত্তর দিয়েছেন। জন্মলগ্ন থেকে ভারত বিরোধিতাই পাকিস্তানের ‘ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা’। একাধিক যুদ্ধে হার ও বাংলাদেশের জন্মের ক্ষত নিয়েও ভারতকে রক্তাক্ত করতে মরিয়া দেশটি। তবে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। আন্তর্জাতিক চাপ ও নয়াদিল্লির কড়া জবাবে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী। তাতে সাড়া দিয়ে ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন মোদি। জানিয়েছিলেন, প্রতিবেশি দেশটির সঙ্গে ভাল সম্পর্ক চায় ভারত। চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার তাতে ইতিবাচকভাবে সাড়া দিলেন ইমরান খান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন চিঠিতে।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত-সহ প্রতিটি প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।” একইসঙ্গে করোনা মহামারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান খান। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল। যদিও আলাদা করে কোনও বৈঠক হয়নি। তবে তারপরই ইমরানের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন