
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপোস-মীমাংসার সুযোগ রয়েছে। তিনি বুধবার আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখতে গিয়ে এ আশা ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য ওয়ালদাই বুধবার ওই আলোচনা সভার আয়োজন করে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশ সদিচ্ছা প্রদর্শন করলে বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন করা সম্ভব। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বাইডেন প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা তুলে ধরে এ ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সদিচ্ছা থাকলে যেকোনও মুহূর্তে পরমাণু সমঝোতাকে আগের মতো কার্যকর করা সম্ভব।