
আন্তর্জাতিক ডেস্কঃ নন্দীগ্রামের বয়ালের বুথে বিজেপি ৮০ শতাংশ জাল ভোট দিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দোপাধ্যায়। এ নিয়ে তিনি রাজ্যপাল ধনখড়ের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং এ নিয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল থেকে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিধানসভার এই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দোপাধ্যায় ও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নন্দীগ্রামের বয়ালে সকাল থেকেই জাল ভোটের অভিযোগ উঠে। এই খবরে বৃহস্পতিবার দুপুরে সেখানে হুইল চেয়ারে চেপে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বুথের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এদিকে, ৩০ আসনের মধ্যে একমাত্র নন্দীগ্রাম আসনে ১৪৪ ধারা জারি করে ভোট নেওয়া হচ্ছে। ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের প্রায় ১২ হাজার সদস্যরাও। সহিংসতা রুখতে ভারতের নির্বাচন কমিশন এবার ৮ দফার ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেন। প্রথম দফার ৩০ আসনে ভোট নেওয়া হয় ২৭ মার্চ। তৃতীয় দফার ভোট নেওয়া হবে আগামী ৬ এপ্রিল। শেষ দফার ভোট হবে ২৯ এপ্রিল। ভোটের রায় জানা যাবে আগামী ২ মে।