
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর ওপর বিদ্রোহীগোষ্ঠীর যৌথ হামলার হুমকির মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে জান্তা সরকার। তবে নিরাপত্তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী।এদিকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন গুলির পরও জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এক ভিডিও কনফারেন্সে সুস্থ-সবল দেখা গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী মিন মিন সোয়ে। বুধবার ( ৩১ মার্চ) নিজের আইনজীবীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার বিষয় নিয়ে আলোচনার সময় তাকে সুস্থ দেখা যায় বলে জানান তিনি।
নিরাপত্তা বাহিনীর গুলিতে দিন দিন মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও নিজেদের দাবি আদায়ে বদ্ধপরিকর মিয়ানমারের জান্তাবিরোধীরা। সে লক্ষ্যেই ৫ শতাধিক মানুষের মৃত্যুর পরও আবারও রাস্তায় তারা। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ছবি হাতে ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেন তারা। স্লোগানে স্লোগানে সু চিকে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পাশাপাশি দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।মিয়ানমারের দক্ষিণাঞ্চলেও জান্তাবিরোধীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন। গণতন্ত্রের দাবিতে মোটর র্যালিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দাওয়েই শহরে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পরও আন্দোলন চলছে গণতন্ত্রপন্থিদের।