
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদ আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যের জন্য অনেক উপকার বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে এরকম একটি সম্ভাব্য চুক্তি শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর অনেকাংশে নির্ভর করছে বলেও জানান তিনি।গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এই অঞ্চলের ব্যাপক উপকার করবে।’‘এটি অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উপকারী হবে।’ তবে তিনি এও বলেন, ‘এটি কেবলমাত্র সম্ভব যদি ১৯৬৭ এর সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া হয়।’
সৌদি আরবের পক্ষ থেকে এর আগেও এ ধরনের মন্তব্য এসেছে। গত বছর ডিসেম্বরে সৌদি প্রিন্স ফয়সাল বলেন, ‘যা আমাদের করা দরকার তা হলো একটি শান্তি চুক্তি যার মাধ্যমে মর্যাদার সঙ্গে একটি ফিলিস্তিনি রাষ্ট্র হস্তান্তর করা এবং একটি কার্যকর সার্বভৌমত্ব যা ফিলিস্তিনিরা গ্রহণ করবে।’ তিনি তখন বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের লক্ষ্যের অংশ হিসেবে রয়েছে।