News71.com
 International
 02 Apr 21, 10:07 PM
 361           
 0
 02 Apr 21, 10:07 PM

মমতার বিজেপি বিরোধী জোটে সাড়া মেহবুবা মুফতি-সোনিয়া গান্ধীর॥

মমতার বিজেপি বিরোধী জোটে সাড়া মেহবুবা মুফতি-সোনিয়া গান্ধীর॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে জাতীয় পর্যায়ে বিজেপি বিরোধী দলগুলোকে জোটবেঁধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কংগ্রেসসহ যে ১৫ দলকে মমতা চিঠি দিয়েছিলেন, তাদের মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে কাশ্মীরের পিডিপি। তবে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে-রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব বহুদিন ধরেই এই বিরোধী ঐক্যের প্রয়োজনের কথা বলে আসছে। তবে মমতার প্রস্তাব নিয়ে সোনিয়া গান্ধীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে কংগ্রেসের দাবি। শিবসেনার তরফ থেকে চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, তারা ভাবনা-চিন্তা করবে। পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম ও আইএসএফ জোটবেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। তারই মধ্যে মমতা অন্য বিরোধী দলের সঙ্গে কংগ্রেস সভানেত্রীকেও চিঠি লিখে বিরোধী জোটের আহ্বান জানান।

কিন্তু অধীর চৌধুরী, আব্দুল মান্নানের মতো প্রদেশ কংগ্রেস নেতারা সুর নরম করেননি। কাশ্মীরের পিডিপি সভাপতি মেহবুবা মুফতি অবশ্য মমতার চিঠি টুইটে তুলে জানিয়েছেন, আমি ওনার সঙ্গে একমত। দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখতে এবং মূল্যবোধ অটুট রাখতে বিরোধীদের একজোট হওয়া জরুরি। এর আগে সোনিয়া নিজে মমতা, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরের মতো বিরোধীশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন। দ্বিতীয় দফার ভোটের আগের দিন ওই চিঠিকে চাপের মুখে মমতার আকুতি বলেও মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন